হাদীর হত্যার বিচারসহ চার দফা দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ,সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৩ জন আহত।
শহীদ ওসমান হাদীর হত্যার বিচারসহ চার দফা দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে বাংলাদেশপন্থি শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে সেনাবাহিনীর সঙ্গে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরের দিকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে গিয়ে মহাসড়কে অবস্থান নেয়। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিকেল চারটার দিকে আন্দোলনের সমাপনী বক্তব্য চলার সময় সেনা সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, ওই সময় সেনা সদস্যরা লাঠি ব্যবহার করলে বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বীসহ একাধিক শিক্ষার্থী রয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইদ্রাশিশ সান্যাল অঙ্কুর জানান, আহতদের অধিকাংশের শরীরে আঘাতজনিত ক্ষত রয়েছে এবং চিকিৎসা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে পৌঁছান। তিনি উত্তেজনাকর পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার বিষয়ে ফজলে রাব্বী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে সরে যাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
তবে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ভিন্ন বক্তব্য দিয়ে বলেন, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় সেনা সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ওই সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে লাঠিচার্জ করা হয়নি।
বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন