নির্বাচন কমিশনে আপিল শুনানি: ৭০ জনের মধ্যে ৫৭ জনের আবেদন মঞ্জুর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের শুনানি দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জন প্রার্থীর আপিলের বিষয়ে শুনানি শেষে জানা যায়, ৫৭ জনের আপিল মঞ্জুর হয়েছে।
ইসি সূত্র জানায়, ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে, আর ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকা প্রার্থীদের জন্য শুনানির নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে শনিবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হয়।
শুনানি প্রক্রিয়া শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর, দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর প্রার্থীর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শুনানি সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর, এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর প্রার্থীর আপিলে অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মতামত দিন