মেঘনায় রাতের আঁধারে জেলের ট্রলার ডুবি নিখোঁজ ৪।
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার সীমান্তবর্তী মেঘনা নদীতে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে চার জন জেলে নিখোঁজ হয়েছেন। পাঁচজনের মধ্যে একজন সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আনুমানিক চারটার দিকে হিজলার ধুলখোলা এলাকার কাছে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। এতে ট্রলারে থাকা সবাই নদীতে পড়ে যান। বেঁচে থাকা জেলে শামিম হোসেন দিদার জানান, তিনি নদীতে পড়ার পর সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন, কিন্তু বাকিরা নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, তারা রাতের বেলা জাল পেতে ট্রলারে ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার সময় কীভাবে ট্রলার উল্টে যায়, তা এখনও স্পষ্ট নয়; তবে লঞ্চ বা বড় নৌযানের ধাক্কা সম্ভাব্য কারণ হতে পারে।
স্থানীয় হারুন অর রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা হয়, বাকি চারজনের খোঁজ পাওয়া যায়নি।
নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ ওসি মো. এনামুল হক জানিয়েছেন, তারা দুর্ঘটনার তথ্য পেয়েছেন এবং খোঁজখবর চালাচ্ছেন। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদারও বলেন, নিখোঁজদের উদ্ধারে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন