আপিল শুনানির প্রথম দিনেই ৫২ প্রার্থীর বৈধতা ফিরিয়ে দিল ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনের শুনানিতে ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি হয়েছে, যার বড় অংশেই প্রার্থীদের পক্ষে সিদ্ধান্ত এসেছে।
শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ১ থেকে ৭০ নম্বর আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২ জন প্রার্থীর আপিল গ্রহণ করে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ১৫ জনের আপিল খারিজ করা হয়েছে এবং তিনটি আপিলের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এসব আপিল গ্রহণ করা হয় গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এর আগে রিটার্নিং কর্মকর্তারা সারা দেশে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে।
সংশোধিত নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ভোটের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
মতামত দিন