পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত রেখে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা জেলার দুটি সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত রেখে পৃথক প্রজ্ঞাপন জারি করে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের ৬৮ নম্বর পাবনা-১ এবং ৬৯ নম্বর পাবনা-২ আসনের সীমানা নির্ধারণ নিয়ে চলমান একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আসনে ভোটগ্রহণ বন্ধ থাকবে।
উপসচিব (নির্বাচন পরিচালন-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় চলতি বছরের ৫ জানুয়ারি আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, তার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী, আদালতের নির্দেশনার বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
মতামত দিন