ইসিতে চলছে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন, সেসব সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।
শুনানিতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন। কমিশন সূত্র জানায়, প্রথম দিনের সূচি অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে মোট ৭০ জন প্রার্থীর আপিলের শুনানি ও নিষ্পত্তি করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় মোট ৭২৩ জন আপিল আবেদন জমা দেন। তবে এর মধ্যে পরবর্তীতে ৭৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে বর্তমানে কমিশনের বিবেচনায় থাকা আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫টি।
কমিশন জানিয়েছে, এসব আপিলের শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা চাইলে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। সব প্রক্রিয়া শেষে প্রতীক চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

মতামত দিন