কুমিল্লার দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষ,আগুনে পুড়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু।
কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। দুর্ঘটনার পর বাসে আগুন ধরে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর মরদেহগুলো বাসের ভেতর ও আশপাশে পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী বের হতে না পেরে দগ্ধ হন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও নেভানোর কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মতামত দিন