আপিল বিভাগের নির্দেশে পাবনার দুই আসনের ভোট স্থগিত করল ইসি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।
এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর আদালত রুল জারি করেন। পরে ১৮ ডিসেম্বর রায় দিয়ে রুল মঞ্জুর করা হয়।
হাইকোর্টের রায়ে বলা হয়, পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২–এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে। একই সঙ্গে পাবনার দুটি সংসদীয় আসন আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
এই রায়ের পর ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলার সম্পূর্ণ এলাকা এবং বেড়া পৌরসভাসহ হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও সুজানগর উপজেলা নিয়ে পুনর্গঠিত হয় পাবনা-২ আসন।
তবে আপিল বিভাগের সাম্প্রতিক আদেশে এখন এই দুই আসনের নির্বাচন প্রক্রিয়া স্থগিত থাকছে।

মতামত দিন