জাতীয়
ছবি: সংগৃহীত

গভীর রাতে আমতলীর বাজারে আগুন, পুড়ে ছাই পাঁচটি দোকান।

নিজেস্ব প্রতিবেদক:

“এক টাকার জিনিসও বাঁচাতে পারিনি”—এভাবেই নিজের অবস্থার বর্ণনা দেন ব্যবসায়ী। রাতের ঘুম ভেঙে ফোন পেয়ে এসে দেখেন, তার ওষুধের দোকানসহ পাশের আরও কয়েকটি দোকান আগুনে পুড়ে শেষ।

ঘটনাটি ঘটে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বাঁধঘাট এলাকায়। বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডে মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বিদ্যুতের ত্রুটির বিষয়টি প্রাথমিকভাবে উঠে এসেছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ‘ছাত্র বন্ধু লাইব্রেরি’, মোদি ও নোহারি দোকান, ওষুধের দোকান এবং একটি দোকান। এর মধ্যে চারটি দোকান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, একটি আংশিক ক্ষতিগ্রস্ত।

গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা হতে পারে।

তবে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউসম্যান মো. হানিফ জানান, তাদের ধারণায় ক্ষয়ক্ষতির অঙ্ক কম হতে পারে। তিনি বলেন, “আমাদের প্রাথমিক হিসেবে ক্ষতি প্রায় ১৫ লাখ টাকার মতো। তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মতামত দিন