এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচনে অতীতের মতো কোনো সাজানো বা পাতানো ভোটের সুযোগ থাকবে না। তাঁর ভাষায়, কমিশন ন্যায়বিচার ও ইনসাফের নীতিতে অটল, আর এই নির্বাচনে সবাই সমান আচরণ পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত আপিল আবেদনের জন্য স্থাপিত বুথ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, আপিলকারীদের সব আবেদন আইন অনুযায়ী যাচাই করে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য সবার ক্ষেত্রে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখা হবে।
এদিকে আপিল প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই দেশের বিভিন্ন এলাকা থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। সকাল থেকেই মোট ১৮টি আপিল আবেদন জমা পড়েছে। এই ধাপের কার্যক্রম শেষ হবে শুক্রবার।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
মতামত দিন