আসিফ মাহমুদের বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুলাই আন্দোলনের যোদ্ধা নাহিদুল ইসলাম নাহিদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদ ক্ষমতার সুযোগ নিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তিনি মুরাদনগরে সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এখন নিজের দুর্নীতি ঢাকতে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছেন।
আরেক বক্তা সাবেক ইউপি সদস্য ছিনু আক্তার বলেন, দুর্নীতির কারণেই আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেওয়ার সাহস পাননি। সৎ হলে জনগণের রায়ে মাঠে নামতেন। ঢাকায় বসে ষড়যন্ত্র নয়। তিনি দাবি করেন, মুরাদনগরের মানুষ ইতোমধ্যেই তাকে প্রত্যাখ্যান করেছে।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, কায়কোবাদকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার ওপর কোনো ধরনের হামলার চেষ্টা হলে মুরাদনগরজুড়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

মতামত দিন