জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই নির্মাণাধীন হলের নাম পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনার নামে থাকা হলটির নাম রাখা হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামানের নামে থাকা হলটির নাম দেওয়া হয়েছে ‘বিজয়–৭১’

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় দেওয়া নাম পর্যালোচনা করে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই নির্মাণাধীন দুটি হলের নাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম হবে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নতুন নাম হবে ‘বিজয়–৭১’।

উল্লেখ্য, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট নাম সরিয়ে ফেলার দাবি জোরালো হয়। এর আগে একাধিক একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন করা হয়। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নির্মাণাধীন হল দুটির নামও এবার পরিবর্তন করা হলো।

মতামত দিন