জাতীয়
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর পাহাড়ি বনে হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধ কৃষকের।

নিজেস্ব প্রতিবেদক:

শেরপুরের পাহাড়ি জনপদে আবারও প্রাণঘাতী রূপ নিল বন্যহাতির উপস্থিতি। শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বনাঞ্চলে হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রানীশিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আহমেদ আলী (৬৫)। তিনি মালাকোচা গ্রামের বাসিন্দা এবং মৃত কানাই শেখের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আহমেদ আলী জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে পাহাড়ি বনের দিকে যান। ওই সময় সেখানে আগে থেকেই অবস্থান করছিল বড় একটি বন্যহাতির দল। হঠাৎ হাতির মুখোমুখি হলে সবাই ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় আহমেদ আলী পালাতে না পারায় হাতির পায়ে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে বনবিভাগ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন বিভাগ জানায়, বালিজুড়ি সদর বিট এলাকায় কয়েক দিন ধরে প্রায় ৩৫ থেকে ৪০টি বন্যহাতির একটি পাল ঘোরাফেরা করছে। ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বন্যপ্রাণীর আক্রমণে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, হাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর একই অঞ্চলের সোনাঝুড়ি পাহাড়ে বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে ফারুক হোসেন নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়। ধারাবাহিক এসব ঘটনায় শ্রীবরদীর পাহাড়ি এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্ব নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

মতামত দিন