ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতিসংঘ জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সরাসরি পর্যবেক্ষক পাঠাবে না। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক।


মুখপাত্র দুজারিক বলেন, “জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ থেকে কোনো ম্যান্ডেট আসে, তা হলে এটি আমাদের কার্যক্রমের অংশ নয়।”

তিনি আরও জানান, তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় প্রয়োজন অনুযায়ী নির্বাচন-সংক্রান্ত কারিগরি সহায়তা দিতে পারে। “এ ধরনের সহায়তা আমরা বিভিন্ন দেশে প্রায়ই প্রদান করি,” যোগ করেন দুজারিক।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে দুজারিক বলেন, “আমি এ ধরনের খবরের মূল্যায়ন করি না। সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করবেন।” তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে, সেটি জাতিসংঘ সমর্থন করবে।

এছাড়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে তিনি জানান, “আমরা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাই।”

সূত্র জানায়, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

মতামত দিন