ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের নিবন্ধন শেষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ভেতরে ও প্রবাসে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টার সময় শেষ হয় এই প্রক্রিয়া।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভিতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন, যার মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২শ, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১ লাখ ৬৯ হাজার ৬শ ৪২ জন এবং আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। এছাড়া কারাগারে থাকা ভোটার ৬ হাজার ২শ ৮৩ জন নিবন্ধন করেছেন।
প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যাদের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬। মোট ১২৩টি দেশে প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। প্রবাসীদের নিবন্ধন শুরু হয়েছিল ১৯ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনযোগ্যরা তিনটি বিভাগে বিভক্ত—প্রতিনিধি দায়িত্বে থাকা কর্মকর্তা, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা (কারাগার) ভোটার।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ভোটাররা তাদের আসনের প্রার্থী নির্বাচন করতে পারবেন। এরপর ফিরতি ডাক প্রেরণ শুরু হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা প্রার্থী তালিকা ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।

মতামত দিন