১৪ জানুয়ারি থেকে দেশব্যাপী হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা।
হোটেল-রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র নিশ্চিতকরণ এবং ৮ ঘণ্টার কর্মদিবস কার্যকর করার দাবিতে ১৪ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এটি জানিয়েছে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
সোমবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক আক্তারুজ্জামান খান জানান, মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকদের ন্যূনতম অধিকার না দেওয়া এবং দীর্ঘ সময় কাজ করানোর কারণে কর্মীরা চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। তিনি অভিযোগ করেন, বহু প্রতিষ্ঠানে ৮ ঘণ্টার কাজের বিধান উপেক্ষা করে ১২-১৩ ঘণ্টা শ্রম নেওয়া হচ্ছে।
আক্তারুজ্জামান খান আরও বলেন, শ্রমিকদের দাবির বাস্তবায়নে বিভিন্ন সময়ে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হলেও কোনোটি কার্যকর হয়নি। এছাড়া গত বছরের ৫ মে ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট এখনও অনেক প্রতিষ্ঠানে কার্যকর হয়নি, যা শ্রম আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং স্টার গ্রুপ শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনির হোসেন।
আহ্বায়ক আক্তারুজ্জামান খান বলেন, “এই কর্মবিরতির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি সামনে আনা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় জনগণ ও গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করা হবে।”

মতামত দিন