জাতীয়
ছবি: সংগৃহীত

মাইলস্টোন দুর্ঘটনা: নিহত ও আহতদের পরিবার পাচ্ছে সরকারি ১০ কোটি ২০ লাখ টাকা সহায়তা।

নিজেস্ব প্রতিবেদক:

দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সংঘটিত বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ২০ লাখ টাকা এবং আহতদের পরিবারকে দেওয়া হবে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা।

অর্থ বিভাগ সূত্র জানায়, প্রয়োজনীয় অর্থ ছাড়ের জন্য একটি প্রস্তাব ইতোমধ্যে অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই বরাদ্দ কার্যকর করার প্রস্তুতি নেওয়া হবে।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারী মিলিয়ে ৩৫ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ৬৪ জন, যাদের অনেককে দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে।

সরকারি সূত্র জানায়, দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও সহায়তা নির্ধারণে গত ২ ডিসেম্বর একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী আহতদের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৭ কোটি টাকা। সব মিলিয়ে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ১০ কোটি ২০ লাখ টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বেসরকারি হওয়ায় নিয়মিত বাজেট থেকে সরাসরি অর্থ দেওয়া সম্ভব নয়। তবে মানবিক বিবেচনায় অর্থ পুনর্বিন্যাসের মাধ্যমে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কয়েকটি খাত থেকে অর্থ স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যাচাই শেষে নিহত ও আহতদের পরিবারের ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ জমা দেওয়া হবে। বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি অনুসরণ করা বাধ্যতামূলক হবে। কোনো অর্থ অব্যবহৃত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

মতামত দিন