অন্তর্বর্তী সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল : উপদেষ্টা।
ঢাকার আকাশপথে বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ। ওইদিন বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়।
উপদেষ্টা বলেন, নতুন দুটি অধ্যাদেশ কার্যকর হলে বিমান টিকিট নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধ হবে। অসাধু ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং যাত্রী ভোগান্তির সুযোগ আর থাকবে না। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি প্রবাসী কর্মীরাও উপকৃত হবেন।
এদিকে ফ্লাইট ডাইভারশন প্রসঙ্গে তিনি জানান, কুয়াশার কারণে আন্তর্জাতিক ফ্লাইট পাশের দেশে পাঠানোর ঝুঁকি কমাতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সংশোধিত অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা ফিরবে। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, নতুন আইনি কাঠামোর মাধ্যমে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব হবে।
মতামত দিন