জাতীয়
ছবি: সংগৃহীত

সুন্দরবনে নৌযান ধর্মঘট,পর্যটনবাহী নৌযান ভ্রমণ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল সোমবার (৫ জানুয়ারি) থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। নৌযান মালিকরা নৌপরিবহন অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে ধর্মঘট পালন করছেন।

এতে দূর-দূরান্ত থেকে আসা দেশি ও বিদেশি পর্যটকরা ভ্রমণে যেতে না পেরে ফিরে যাচ্ছেন।

জানা গেছে, রোববার (৪ জানুয়ারি) নৌপরিবহন অধিদপ্তরের (খুলনা) একটি দল মোংলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তত ৩০টি পর্যটনবাহী জালিবোটের উপরের অংশ ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। এই অভিযানের ফলে বোটগুলোর ব্যবহার ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, নৌপরিবহন অধিদপ্তরের কঠোর শর্ত আরোপের কারণে মালিকরা বোট, লঞ্চ ও ট্রলার চালাচ্ছেন না। তিনি বলেন, “প্রয়োজনীয় শর্তগুলো ব্যয়বহুল এবং বাস্তবায়ন সম্ভব নয়। তাই ধর্মঘট চলবে যতক্ষণ না হয়রানি বন্ধ করা হয়।”

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরও জানিয়েছেন, ভোর থেকেই পর্যটক ও নৌযান কেউই কেন্দ্রের দিকে আসেননি। স্থানীয় পর্যটক ও পর্যটন কর্মকর্তারা সবাই নৌপরিবহন অধিদপ্তরের অভিযানের কারণে চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক মো. রাশেদুল আলম বলেন, “জালিবোটগুলোর উপরের অবকাঠামো অপসারণ করা হয়েছে যাতে নৌযান স্থিতিশীল থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।”

মতামত দিন