জাতীয়
ছবি: সংগৃহীত

পরিবেশ ভালো আছে আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

নিজেস্ব প্রতিবেদক:


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সোমবার বলেন, “পরিবেশ অনুকূলে আছে। আমরা আশাবাদী, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চত্বরে স্থাপিত আপিল বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এখানে ১০টি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল জমা দিতে পারবেন।

গত রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল। ৩০০ আসনের জন্য বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা ফিরে পেতে চাইলে প্রার্থীদের অবশ্যই সাতটি নিয়ম অনুসরণ করতে হবে:

  1. আপিল আবেদন কমিশনের কাছে স্মারকলিপি আকারে নির্ধারিত ফরমেটে জমা দিতে হবে।

  2. আবেদন করার সময় মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

  3. মূল কপি সহ মোট সাতটি কপি জমা দিতে হবে।

  4. আপিল আবেদন সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে দাখিল করতে হবে।

  5. আপিল দাখিলের সময়সীমা ৫ থেকে ৯ জানুয়ারি।

  6. আপিলের সিদ্ধান্ত বা রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমের নমুনা কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।

  7. আপিল দায়েরকারী বা তার পক্ষে মনোনীত ব্যক্তি রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন ভবনের চত্বরে দেশের ১০টি অঞ্চলের জন্য পৃথক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে:

  • ১নং বুথ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

  • ২নং বুথ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা।

  • ৩নং বুথ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

  • ৪নং বুথ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।

  • ৫নং বুথ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

  • ৬নং বুথ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

  • ৭নং বুথ (ঢাকা অঞ্চল): টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

  • ৮নং বুথ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।

  • ৯নং বুথ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।

  • ১০নং বুথ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

প্রার্থীরা এই বুথগুলোতে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের বিরুদ্ধে আপিল জমা দিতে পারবেন।

মতামত দিন