সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৩ বার।
এক যুগেরও বেশি সময় পার হলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার রহস্য উদঘাটিত হয়নি। সোমবার (৫ জানুয়ারি) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নতুন করে প্রতিবেদন দাখিলের জন্য ৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন। ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ সময় র্যাব তদন্ত করলেও কোনো ফল পাওয়া যায়নি। এরপর উচ্চ আদালতের নির্দেশে ২০২৫ সালের ৪ নভেম্বর তদন্তভার পিবিআইতে হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক জানিয়েছেন, তারা নতুনভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
নিহতের পরিবার ও সাংবাদিক সমাজ দীর্ঘ প্রতীক্ষা ও বিচারবঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

মতামত দিন