জাতীয়
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেন থেকে আলাদা হয়ে গেল দুই বগি, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল যাত্রীরা।

নিজেস্ব প্রতিবেদক:

হঠাৎ ট্রেন থেমে যাওয়ার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কেউ জানালার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কেউ দরজা খুলে নামার চেষ্টা করছেন—ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এমন দৃশ্যই তৈরি হয়।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী–ভৈরব রেলপথের গাজীপুরের তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় বগি দুটির সংযোগ হঠাৎ খুলে গেলে সেগুলো ধীরে ধীরে পিছিয়ে পড়ে মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচ্ছিন্ন হওয়ার পর বগির ভেতরে থাকা যাত্রীরা ভয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেকে দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রেলওয়ে সূত্র জানায়, বগিগুলোর সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় এই বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা থেকে প্রকৌশল দল ঘটনাস্থলে গিয়ে বগি দুটির সংযোগ পুনরায় স্থাপন করে।

আড়িখোলা স্টেশনমাস্টার মো. কাইয়ুম জানান, রেলগেটকিপারের মাধ্যমে খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, কী কারণে সংযোগ খুলে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন