জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ ফ্লাইট সাময়িক স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখছে। রোববার (৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম।


তিনি জানান, ফ্লাইট স্থগিতের পেছনে রয়েছে উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রমের প্রস্তুতি, বিদ্যমান বিমানগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে বিমানগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তা। সিদ্ধান্ত অনুযায়ী, ফ্লাইট স্থগিত থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

বোসরা ইসলাম আরও বলেন, এই রুটে ভ্রমণকারী যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইটের সুবিধা প্রদান করা হবে। এছাড়া টিকিট পরিবর্তন, রিফান্ড ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিশ্চিত করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও সংশ্লিষ্টদের বিমান অফিস, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। সংস্থাটি সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

মতামত দিন