জাতীয়
ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালটে নিবন্ধন ছাড়ালো ১১ লাখ ৮৩ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে থাকা ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে শুরু হওয়া পোস্টাল ব্যালট নিবন্ধনে বিপুল আগ্রহ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত ১১ লাখ ৮৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধন কার্যক্রম গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশে যারা বাংলাদেশি নাগরিক আছেন, তারা এই নিবন্ধনের আওতায় পড়ছেন। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর ও অন্যান্য বহু দেশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, যারা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের ভোটপত্র সরাসরি ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোটপত্র পূর্ণ করে রিটার্ন খামে করে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

এদিকে কমিশন জানিয়েছে, বিদেশে থাকা ভোটারদের সুবিধার্থে সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সঙ্গে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিদেশে থাকা ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরও বিস্তৃত ও সমন্বিত করতে সহায়ক হবে বলে আশা করছে ইসি।

মতামত দিন