জাতীয়
ছবি: সংগৃহীত

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষ,নিহত ২ জন।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন বছরের প্রথম দিনের ভোরে রাজধানীর মৌচাক ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজন অটোরিকশার চালক নয়ন তালুকদার। অপরজন ইয়াসিন আরাফাত আশিক, যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রমনা থানার পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি মোটরসাইকেল মালিবাগ দিক থেকে মুগদার পথে যাচ্ছিল। মৌচাক ফ্লাইওভারের ফরচুন মার্কেট সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় উভয় যানবাহনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন