জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনা-৩ আসনে প্রার্থী তালিকা চূড়ান্তের পথে, তিন প্রার্থীর মনোনয়ন বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার ময়দান থেকে প্রাথমিকভাবে ছিটকে পড়েছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তবে একই প্রক্রিয়ায় বেশিরভাগ প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে মোট ১২টি মনোনয়ন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯টি মনোনয়ন টিকে গেলেও ৩টি বাতিলের সিদ্ধান্ত আসে।

নির্বাচন অফিস সূত্র জানায়, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন—আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক এবং এস এম আরিফুর রহমান মিঠু।

অন্যদিকে এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীরা। এস এম আরিফুর রহমান মিঠু জানান, ভোটার সমর্থনের স্বাক্ষর সংক্রান্ত কিছু তথ্যগত ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে। তবে আপিলের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে তিনি আশাবাদী।

এদিকে খুলনার অন্য পাঁচটি আসন—খুলনা-১, ২, ৪, ৫ ও ৬—এর মনোনয়ন শুনানি শুরু হবে বৃহস্পতিবার (১ জানুয়ারি)। এসব শুনানি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কার্যালয়ে।

মতামত দিন