জাতীয়
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার জানাজায় কফিন কাঁধে তোলেন ড. মিজানুর রহমান আজহারি।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠান বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লাখো মানুষ উপস্থিত হয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

দুপুর ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নেতৃবৃন্দ।

জানাজার সময় কফিন কাঁধে তোলেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠান চলাকালীন মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার মানুষ উপস্থিত হন। অনেকেই যেখানে সম্ভব সেখানে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম তুলে ধরেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তার মরদেহ লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে নিয়ে আসা হয়। সেনাবাহিনী নিরাপত্তা চেইন তৈরি করে রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে দেয়।

মতামত দিন