জাতীয়
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অংশগ্রহণ করবেন।

সকালের প্রথম দিকে রাজধানী ও দেশের অন্যান্য এলাকা থেকে মানুষ বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় সমবেত হতে শুরু করেন। জনস্রোত এতটাই বিস্তৃত হয় যে তা খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট এলাকা পর্যন্ত পৌঁছায়।

জানাজা এবং দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব এবং আনসার বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। জানাজা শেষে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মরদেহ সমাধিস্থলে নেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। মুসলিম বিশ্বের মধ্যে বেনজির ভুট্টোর পরে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন।

মতামত দিন