ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানকে নরেন্দ্র মোদির চিঠি হস্তান্তর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন।
ড. এস জয়শঙ্কর ভারতের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান। তিনি ঢাকায় আসার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানো। সাক্ষাতের সময় ভারত সরকারের ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া তারেক রহমানকে জানানো হয়, খালেদা জিয়ার আদর্শ ও নীতিমালা ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে পরিচিত। এছাড়া তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বেনজির ভুট্টোর পরে এই মর্যাদা অর্জন করেন।
মতামত দিন