শহীদ হাদির হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ।
বরিশাল নগরীতে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি নিয়ে সোমবার বিকেল থেকে আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করেছে ছাত্র-জনতা।
নথুল্লাবদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে বিকেল ৩টার দিকে শুরু হওয়া আন্দোলনকালে মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এর আগেও রোববার একই স্থানে ছাত্র-জনতার বিক্ষোভে বরিশাল-ঢাকা মহাসড়ক বন্ধ করা হয়েছিল। তখন শহীদ শরিফ হাদির ভগ্নিপতি আমির হোসেন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো গ্রেপ্তার না হওয়ায় সোমবার বিকেল ৪টার দিকে পুনরায় মহাসড়ক অবরোধ করা হয়।
বিক্ষোভের সময় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান নাঈম ও বিএম কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ মুহসীন উদ্দিন। তারা বলেন, “শরিফ হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলেও এখনও হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।”
অবরোধের খবরে নথুল্লাবাদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেন। তারা ছাত্র-জনতাকে মহাসড়ক ছাড়ার জন্য আহ্বান জানালেও আন্দোলনকারীরা সড়কেই অবস্থান বজায় রেখে আসরের নামাজ আদায় করেন।
মতামত দিন