সীমান্ত নিরাপত্তায় আরও কৌশল ও সতর্কতার তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্তসংক্রান্ত জটিলতা সমাধানে বিচক্ষণ ও কৌশলগত অবস্থান নেওয়ার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত ব্যবহার করে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী বাংলাদেশ ছাড়তে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা সীমান্ত দিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সীমান্তে দায়িত্বপ্রাপ্তদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন