২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করলো ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবীমা কার্যক্রম হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে ২ হাজার ৪৬৭ জন কর্মী এই সুবিধার আওতায় এসেছে।
রোববার রাজধানীর গুলশানের নগরভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবিএম শামসুল আলম।
প্রশাসক এজাজ বলেন, “পরিচ্ছন্নতাকর্মীরা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন, ডিএনসিসির নিয়মিত কর্মীদের পাশাপাশি আউটসোর্সিং এবং মশকনিধন কর্মীরাও ধাপে ধাপে এই সুবিধা পাবেন।
এই স্বাস্থ্যবীমার আওতায় সুবিধাভোগীরা রাজধানীর ৪০০টিরও বেশি বেসরকারি ক্লিনিকে অর্ধেক খরচে চিকিৎসা নিতে পারবেন। অসুস্থ হলে বিশেষ স্বাস্থ্যসুরক্ষা এবং মৃত্যু ঘটলে এককালীন ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
বার্ষিক প্রিমিয়াম মাত্র ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক হাজার জনের প্রিমিয়াম বহন করছে সাজেদা ফাউন্ডেশন ও রেকিট বাংলাদেশ (হারপিক), বাকি ১ হাজার ৪৬৭ জনের খরচ বহন করছে ডিএনসিসি। চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স সহযোগিতায় কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কর্মীদের হাতে স্বাস্থ্যবীমার কার্ড বিতরণ করা হয়।
মতামত দিন