আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যাকাণ্ড মামলার চার্জশিট প্রদান করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আগামী ১০ দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) প্রদান করা হবে।
তিনি জানান, হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন। জব্দ করা আলামতে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, গুলির খোসা, বুলেট, সিসিটিভি ফুটেজ এবং ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক।
উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্তের জন্য পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জনগণকে সতর্ক করেন, হত্যাকাণ্ডে বাধা সৃষ্টিকারী বা শত্রুপক্ষকে শক্তিশালী করার কোনো কর্মকাণ্ড এড়াতে হবে। এছাড়া তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলছেন, যাতে তাদের ভেতরে থাকা সুযোগসন্ধানী বা সন্ত্রাসীরা দলীয় কার্যক্রমে প্রভাব ফেলতে না পারে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানিয়েছেন, চলমান “অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২”-এ ৯৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার ও বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়েছে।

মতামত দিন