জাতীয়
ছবি: সংগৃহীত

হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে তারা অবস্থান নিয়ে মহাসড়ক বন্ধ করে দেন।

অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয় বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে থাকে।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান নাঈম এবং বিএম কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ মুহসীন উদ্দিন। তারা বলেন, “শরিফ ওসমান হাদি প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। খুনিরা পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত বিচার না হলে আমাদের আন্দোলন চলবে।”

ছাত্ররা আরও বলেন, হাদির হত্যা শুধু ব্যক্তিগত নয়, এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য নেওয়া একটি সজীব বার্তা। তারা দাবি করেন, খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

অবরোধের খবর পেয়ে নথুল্লাবাদ এলাকায় পুলিশ মোতায়েন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীরা মহাসড়কটি খোলা রাখার আহ্বান জানাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন