রূপগঞ্জে মহাসড়কে ট্রাক–প্রাইভেটকার সংঘর্ষ, কলেজছাত্রসহ প্রাণ গেল ৩ জনের।
ঢাকা–সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলেজপড়ুয়া এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার মুন্সিপুর গ্রামের ঢাকা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিন আহমেদ (২১)। একই এলাকার জামাল হোসেন (৩৮) ও আলাউদ্দিন (২৮) দুর্ঘটনায় প্রাণ হারান। আহত দুজন হলেন প্রাইভেটকারের যাত্রী রাকিবুল ইসলাম (২৫) এবং চালক জব্বার মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, ঢাকার দিকে যাওয়া একটি প্রাইভেটকারকে পেছন থেকে সিলেটমুখী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের রূপগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন