জাতীয়
ছবি: সংগৃহীত

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–ভাঙ্গা–খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভাই–বোনসহ একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার মেয়ে বিউটি বেগম (৩০) এবং একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কেশবপুর–যশোর এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। চালকসহ মোট পাঁচজন অ্যাম্বুলেন্সে ছিলেন।ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সচালক কৃষ্ণ (৩০) এবং রোগীর স্বজন রোকাইয়া বেগম (৪০)। আহত রোকাইয়া বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন