কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষ ৬ জন যাত্রী।
ঘন কুয়াশার মধ্যে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে চলতে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটির ভেতরে আটকে পড়েন প্রায় অর্ধশত যাত্রী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে রয়েছেন—নিয়ামত (২২), ইয়াছিন (১৯), হায়দার আলী (৪৫), আমেদ মিয়া (৬৫), জুলেখা আক্তার (৩৯) ও রেজবি মিয়া (৪২)। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসচালক সামনে থাকা ট্রাকটি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।

মতামত দিন