কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১।
কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে নোঙর করার মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’। আগুনে পুড়ে জাহাজটির একজন ক্রু মারা গেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে জাহাজটি ঘাটে ভেড়ানোর সময় হঠাৎ ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে।
সে সময় জাহাজটিতে নাবিক ও ক্রুসহ মোট ১৬ জন অবস্থান করছিলেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে দ্রুত স্পিডবোট ও স্থানীয় ট্রলারের মাধ্যমে সবাইকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জাহাজের বড় একটি অংশ আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর পর নুর কামাল নামের এক ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত না হলেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর নুনিয়ারছড়া ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ঘাটের কার্যক্রম সীমিত রাখা হয়েছে।
মতামত দিন