জাতীয়
ছবি: সংগৃহীত

কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪।

নিজেস্ব প্রতিবেদক:

মেঘনা নদীর চাঁদপুর অংশে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চারজন যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে, যখন ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির সঙ্গে বরিশাল রুটের লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর মুখোমুখি ধাক্কা লাগে।

নিহতদের পরিচয় পাওয়া গেছে ভোলার লালমোহন উপজেলার আব্দুল গণি, মো. সাজু ও রিনা বেগম এবং চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. হানিফ হিসেবে।

যাত্রীদের ভাষ্যমতে, জাকির সম্রাট-৩ লঞ্চটি বিকেলবেলা ভোলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মেঘনা নদীতে কুয়াশা ঘন হয়ে গেলে লঞ্চটির গতি কমিয়ে আনা হয়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি দৃশ্যমান না থাকায় দুই নৌযানের মধ্যে সংঘর্ষ ঘটে।

ধাক্কার ফলে জাকির সম্রাট-৩ লঞ্চের একটি পাশ মারাত্মকভাবে ভেঙে যায়। সংঘর্ষের শব্দে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেকে লঞ্চের ভেতরে আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নৌযান চলাচলে প্রয়োজনীয় সতর্কতা জোরদার করা হবে।

মতামত দিন