লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন,দগ্ধ আরেক মেয়ে নিহত।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ছোট মেয়ের মৃত্যুর পর এবার দগ্ধ অবস্থায় মারা গেছে তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)। এ নিয়ে একই পরিবারের দুই কন্যার প্রাণহানির ঘটনা ঘটল।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। বিষয়টি রাত ১টার দিকে নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। আগুনে দগ্ধ হয়ে বেলাল নিজেও আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আটকা পড়েন।
ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় বেলালের ছোট মেয়ে আয়েশা। ওই ঘটনায় গুরুতর দগ্ধ হন বড় মেয়ে স্মৃতি ও মেঝো মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার বিথি। পরে তাদের ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান। অপরদিকে বিথির শরীরের মাত্র ২ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরদিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে—এর মধ্যে দুটি বন্ধ অবস্থায় এবং একটি খোলা ছিল। তবে এখন পর্যন্ত পেট্রোল ব্যবহারের সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, “একই ঘটনায় প্রথমে আয়েশা এবং পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতি মারা গেছে। মামলার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

মতামত দিন