জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী ১ জানুয়ারি পূর্বাচলে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬ সালের প্রথম দিন থেকেই দেশের ব্যবসা-বাণিজ্যে বড় পরিসরের কর্মচাঞ্চল্য শুরু হচ্ছে। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আয়োজন।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইপিবি এই মেলার সার্বিক আয়োজন করছে।

এবারের মেলায় অংশ নিতে যাচ্ছে দেশি-বিদেশি মিলিয়ে তিন শতাধিক প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত, তুরস্ক, ইরান, পাকিস্তান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ কয়েকটি দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৩৫০ ছাড়াতে পারে।

দর্শনার্থীদের জন্য এবছর বিশেষভাবে যুক্ত করা হচ্ছে ‘বাংলাদেশ স্কয়ার’ নামের একটি প্রদর্শনী এলাকা। এখানে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরা হবে ভিজ্যুয়াল উপস্থাপনায়।

মেলায় প্রবেশের জন্য চালু থাকছে অনলাইন টিকিট ব্যবস্থা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। শিশু দর্শনার্থীদের কথা মাথায় রেখে রাখা হয়েছে দুটি আলাদা বিনোদন পার্ক।

এদিকে মেলার নাম পরিবর্তন নিয়ে আলোচনার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আগের নামই বহাল রাখা হয়েছে। ফলে এবছরও ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সাল থেকে পূর্বাচলের এই স্থায়ী প্রদর্শনী কেন্দ্রেই নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মতামত দিন