তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে ট্রাফিক সতর্কতা, বিকল্প পথে চলার আহ্বান।
নিজেস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে আজ ব্যাপক জনসমাগম ও যানবাহনের চাপ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় নগরবাসীর জন্য ট্রাফিক সতর্কতা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানান, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে রাত ১০টা পর্যন্ত কিছু নির্দিষ্ট সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ব্যবহার করে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন। এ রুটজুড়ে অভ্যর্থনা ও জমায়েতের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
এ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার স্বার্থে মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ডিএমপি।
নগরবাসীর সুবিধার্থে বিকল্প হিসেবে যে রুটগুলো ব্যবহারের অনুরোধ করা হয়েছে, সেগুলো হলো—
-
আব্দুল্লাহপুর–কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ–গাবতলী
-
উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের জন্য হাউস বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর হয়ে মেট্রোরেল রুট
-
গুলশান, বাড্ডা ও প্রগতি সরণির যাত্রীদের জন্য গুলশান-১–পুলিশ প্লাজা–আমতলী–মহাখালী
-
মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের জন্য মিরপুর–গাবতলী সড়ক
-
কাঞ্চন ব্রিজ এলাকা থেকে আগত যানবাহনের জন্য বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে মাদানী এভিনিউ
এ ছাড়া মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল এবং ঢাকা–জয়দেবপুর রুটে যাতায়াতকারীদের ট্রেন ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
বিদেশগামী যাত্রী ও হজযাত্রীদের সম্ভাব্য যানজট বিবেচনায় নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধও জানানো হয়েছে।

মতামত দিন