জাতীয়
ছবি: সংগৃহীত

ভবিষ্যতে এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ করা যাবে না টেলিকমিউনিকেশন অধ্যাদেশ অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ইন্টারনেট পরিষেবাকে সর্বদা সচল রাখার জন্য টেলিকমিউনিকেশন (সংশোধনী) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাদেশে ভবিষ্যতে এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ করা যাবে না—এমন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈঠক শেষে তিনি বলেন, নতুন আইনটি আগের নিয়মকানুনকে আধুনিক ও যুগোপযোগী করে গঠিত হয়েছে। এতে বিটিআরসির ক্ষমতা ও জবাবদিহিতা শক্তিশালী হয়েছে, গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, এবং অনৈতিক বা অবৈধ কার্যক্রম রোধের ব্যবস্থাও সংযুক্ত হয়েছে।

প্রেস সচিব আরও জানিয়েছেন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত হবে কি না তা নিরূপণে একটি কমিটি কাজ করবে।

অর্থনৈতিক দিকেও তিনি জানান, সংশোধনী বাজেটের রাজস্ব লক্ষ্য নির্ধারিত হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা, খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে আসার প্রত্যাশা, এবং জিডিপি প্রবৃদ্ধি হার ধরা হয়েছে ৫ শতাংশ।

এছাড়া ওসমান হাদী হত্যাকাণ্ডে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। মূল অভিযুক্ত এখনও গ্রেফতার না হলেও আশপাশের অনেককে আটক করা হয়েছে এবং দ্রুত বিচার আইনের আওতায় বিচার নিশ্চিত করা হবে।

তথ্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে সরকার তার সঙ্গে আলাপ করছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান উত্তেজনার বিষয়ও উপদেষ্টা পরিষদে আলোচিত হয়েছে।

মতামত দিন