রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘরে পুড়ে দাদি–নাতনির মর্মান্তিক মৃত্যু।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভোররাতে ভয়াবহ আগুনে এক পরিবারের দুই সদস্যের প্রাণহানি হয়েছে। একই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রুমি আক্তার (৫৫) ও তার নাতনি জান্নাত আক্তার (৫)। জান্নাত স্থানীয় বাসিন্দা মো. সুমনের মেয়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে একটি বসতঘরে হঠাৎ আগুন দেখা দিলে দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি ঘরের ভেতরে আটকা পড়ে রুমি আক্তার ও শিশু জান্নাত বের হতে না পারায় দুজনই আগুনে পুড়ে মারা যান।
এই অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষবিশিষ্ট ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মন্নান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মতামত দিন