বর্জ্য পোড়ানোর ছবি পাঠালেই মিলবে পুরস্কার।
দেশজুড়ে বায়ুদূষণের লাগাম টানতে এবার সাধারণ মানুষকেই সরাসরি যুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। যত্রতত্র বর্জ্য পোড়ানোর ঘটনা চিহ্নিত করতে নাগরিকদের তোলা ছবি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার পাশাপাশি খোলা জায়গায় বর্জ্য পোড়ানো বর্তমানে বায়ুদূষণের বড় উৎসে পরিণত হয়েছে। এর ফলে শ্বাসকষ্ট, ফুসফুসজনিত রোগসহ নানামুখী স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা শিশু ও বয়স্কদের জন্য বিশেষভাবে বিপজ্জনক।
এই বাস্তবতায় বায়ুদূষণের উৎস দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে আনতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করছে সরকার। সে লক্ষ্যেই বর্জ্য পোড়ানোর দৃশ্য চোখে পড়লে ছবি তুলে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় জানায়, বর্জ্য পোড়ানোর যেকোনো ঘটনার ছবি climatechange2@moef.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ছবির সঙ্গে অবশ্যই প্রেরকের নাম, মোবাইল নম্বর, ঘটনার স্থান ও ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে।
প্রতি মাসে জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে যাচাই করে ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিদের জন্য থাকছে সরকারের পক্ষ থেকে নির্ধারিত পুরস্কার।
মন্ত্রণালয়ের আশা, এই উদ্যোগের মাধ্যমে বায়ুদূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়বে এবং পরিবেশ সুরক্ষায় নাগরিকদের ভূমিকা আরও শক্তিশালী হবে।
মতামত দিন