জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গীর পোশাক কারখানায় একযোগে অসুস্থ দুই শতাধিক শ্রমিক।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থতার ঘটনায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। কনসেপ্ট পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক কাজের সময় অসুস্থ হয়ে পড়লে উৎপাদন কার্যক্রম কার্যত থমকে যায়।

মঙ্গলবার দুপুরের দিকে কারখানার ভেতরে একের পর এক শ্রমিক শারীরিক অসুস্থতার কথা জানান।অনেকে মাথা ঘোরা, বমি ও শ্বাস নিতে কষ্ট হওয়ার অভিযোগ করেন। পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয় এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে সামান্য আহত হন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ও সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠান। টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একযোগে বহু শ্রমিক চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ শ্রমিকই দুর্বলতা ও বমিভাব নিয়ে ভর্তি হয়েছেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, কারখানার ভেতরে কোনো ধরনের গ্যাস বা তীব্র গন্ধ থেকে এই অসুস্থতার সূত্রপাত হতে পারে। তবে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

ঘটনার পর টঙ্গী পশ্চিম থানা পুলিশ কারখানা এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং কারখানার ভেতরের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। গণমাধ্যমকর্মীদের কারখানায় প্রবেশেও বাধা দেওয়া হয়, যা নিয়ে শ্রমিকদের মধ্যে আরও প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন