অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আভাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে জল্পনা।
সূত্রের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর জায়গায় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে আনা হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদে থেকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব অব্যাহত রাখতে পারেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে এই আলোচনা জোরালো হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার পর। এই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও প্রকাশ্যে আসে।
গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। তবে এসব গুঞ্জনের মধ্যেও তিনি সরকারি কার্যক্রমে সক্রিয় রয়েছেন। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর বৈঠকে তিনি অংশ নেন। পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, পদত্যাগ করলে তিনি বৈঠকে উপস্থিত থাকতেন না।
এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সম্মুখসারির কর্মী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের স্মৃতি সংরক্ষণে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। তার মৃত্যুর খবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান। এর কিছুদিন পর, একই বছরের ১৭ আগস্ট তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ওই দায়িত্ব দেওয়া হয়।

মতামত দিন