জাতীয়
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল ব্যবস্থাপনার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় নির্ধারিত যাত্রী ছাড়া কাউকে বিমানবন্দর এলাকায় ঢুকতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা, নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং সার্বিক অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

এই নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটিও আলোচনায় এসেছে। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সার্বিক নিরাপত্তা তদারকির দায়িত্বে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় অভিজ্ঞ সাবেক এই সেনা কর্মকর্তার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে, বিএনপির পক্ষ থেকেও নিজস্ব স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও, দলীয় পর্যায় থেকে সতর্কতামূলক সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মতামত দিন