চট্টগ্রাম বন্দরের আশপাশে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা।
চট্টগ্রাম বন্দরের আশপাশে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তার ভাষায়, এই চক্রের কারণেই বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বহু বছর স্বাভাবিকভাবে লাভবান হতে পারেনি।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ শিপিং করপোরেশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রায় চার দশক ধরে বন্দর কার্যক্রম একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। নতুন উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে ঢুকতে না দেওয়ার প্রবণতাই এই সংকটের মূল কারণ।
উপদেষ্টা জানান, এই ধরনের কাঠামোর ফলে অতীতে শিপিং করপোরেশন প্রত্যাশিত আর্থিক সাফল্য অর্জন করতে পারেনি। তবে বর্তমান পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে দাবি করেন তিনি।
চট্টগ্রাম বন্দর ঘিরে ভবিষ্যৎ বিনিয়োগের চিত্র তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার ইতোমধ্যে প্রায় এক বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানগুলোও দেশের পুঁজিবাজারে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
সভায় জানানো হয়, চলতি বছরে বাংলাদেশ শিপিং করপোরেশন তাদের ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন