জাতীয়
ছবি: সংগৃহীত

হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত কোথায় অবস্থান করছে—দেশে নাকি বিদেশে—সে বিষয়ে নিশ্চিত তথ্য না থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “হত্যাকারী কোথায় আছে সেটা জানা গেলে তো তাকে ধরে ফেলা হতো।

সে দেশে আছে না বিদেশে—এই তথ্য এখনো নিশ্চিত নয়।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মামলার মূল হোতা হিসেবে চিহ্নিত ফয়সালকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক এবং ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে একটি দালাল চক্রকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে এখন পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের আওতায় সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে আরও জোরালো ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদের জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসাবাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। যাদের ঝুঁকি রয়েছে, তাদের মধ্য থেকে প্রায় ২০ জনকে নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকেও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যদি পদত্যাগ করতাম, তাহলে এখানে বসে কথা বলতাম না।”

মতামত দিন